নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংলাপের দাবি অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, এখনো তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এরইমধ্যে সংলাপের দাবি উঠেছে। তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অবাস্তব, অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে সংলাপে বসতে হবে। সংবিধান অনুযায়ী-ই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে। এটা নির্বাচন কমিশনের মোটামুটি সিদ্ধান্ত। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি অযৌক্তিক, অবাস্তব ও অপ্রয়োজনীয়। কাজেই তাদের দাবি মানর কোনো যৌক্তিকতা নেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন পর্যন্ত এমন পরিস্থিতি দেশের কোথাও সৃষ্টি হয়নি যা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা। নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে। সেই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই রায় দেবে। শেখ হাসিনার নেতৃত্বে ফের সরকার গঠিত হবে। জনগণ উন্নয়নের রায় দেবে।
তিনি বলেন, সমাবেশের নামে কোনো দল যদি সহিংসতা করার চেষ্টা করে তবে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। এ সময় তিনি কিছু রাজনৈতিক কর্মীদের সমালোচনা করে বলেন, তারা হেলমেট ছাড়া মটরসাইকেল চালায়, ট্রাফিক সিগনাল মানে না, ট্রাফিক পুলিশের কথা শোনে না। ট্রাফিক আইন মেনে চলার জন্য এইসব রাজনৈতিক কর্মীদের কাউন্সিলিং করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, সড়ক ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইকরামুল হাসান, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সংসদ সদস্য মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শুরুর আগে দিবসটি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র্যালি বের করা হয় । র্যালিটি ফার্মগেট খাবার বাড়ি এসে শেষ হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’।
দ্বিতীয় বারের মতো এবার দিবসটি পালিত হয়। সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে গত ৫ জুন ২০১৭ মন্ত্রিপরিষদের সভায় সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেন।

