ঢাকাSaturday , 20 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ১০ বছরে বাংলাদেশের শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ খাতে উন্নয়নের ফলে দেশের সার্বিক উন্নয়ন বেগবান হয়েছে।
শনিবার ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশাররফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রাক্তন সচিব মো. হেমায়েত উদ্দিন তালুকদার, কলেজের প্রাক্তন অধ্যক্ষ মিঞা লুৎফার রহমান, ফরিদপুরের জেলার জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার মো. জাকির হোসেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, রাজেন্দ্র কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরে আজকের এ উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য আমাকে আন্দোলিত করেছে। আজকের দিনটিতে আমার স্মৃতিপটে এ কলেজে আমার ছাত্র থাকাকালীন সোনালী সময়গুলো ভেসে উঠছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা অনেক সীমাবদ্ধতার মাঝে শিক্ষাজীবন পার করেছি। তোমরা এখন হাত বাড়ালেই সকল সুযোগ-সুবিধা পাচ্ছ। তোমরা নিজেদেরকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের জন্য তোমরা তোমাদের মেধা, মনন ও সৃজনশীলতা নিয়োগ করবে।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা গঠনে নিজের সারা জীবন ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম করেছেন নতুন প্রজন্মকে সে স্বপ্ন বাস্তবায়নের একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সবার সম্মিলিত প্রয়াস ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য জানান। এর আগে মন্ত্রী সরকারি রাজেন্দ্র কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।