নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন মন্ত্রী তরিকুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগে থেকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন বিএনপির এই নীতি নির্ধারক। শুক্রবার বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। শনিবার তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শরীরিক অবস্থার আরো অবনতি ঘটলে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসগর আলী হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি জানান, তরিকুল ইসলামের পরিবারের সদস্যরা তার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিগত চারদলীয় জোট সরকারের সময় তথ্য এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন তরিকুল ইসলাম। বিএনপির প্রবীণ এই নেতা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটি, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। গত কয়েক বছরে একাধিকবার তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন।

