ঢাকাSunday , 7 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদালতের নির্দেশ উপেক্ষার অভিযোগ বিএনপির

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠনে আদালতের নির্দেশের প্রতিফলন ঘটছে না, এ অভিযোগ করে ফের আদালতে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকদের একজন ব্যারিস্টার মওদুদ আহমদ।
রোববার তার নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে এ প্রতিক্রিয়া জানান মওদুদ আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা রয়েছে, বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে তার পছন্দ অনুযায়ী ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারবেন। এছাড়া, তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডে স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) কোনো সদস্য রাখা যাবে না, নির্দেশনা আছে আদালতের।’
‘আমরা দেখতে পাচ্ছি, এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রতিফলিত হচ্ছে না। এখন আমরা দেখব যে, এই ডাক্তার নিয়ে ম্যাডাম সন্তুষ্ট কি না। যদি না হন, তাহলে আমরা এ ব্যাপারে আবার হাইকোর্টে যাব,’ বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, ‘আমরা আজ হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি এবং হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে তা মেনে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে বলেছি। যে অবস্থায় ওনাকে রাখা হয়েছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’
মওদুদ আহমদ আরো বলেন, তার (খালেদা জিয়া) পরিচর্যায় থাকা ফাতেমার বিষয়টি স্পষ্ট করেছি। তিনি গত ৮ মাস ধরে বেগম খালেদা জিয়ার সাথে আছেন। তাকে রাখার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা আছে। সে বিষয়টিও আমরা জানিয়েছি।’
বিএনপির আইনজীবীদের চার সদস্যের প্রতিনিধিদলে আরো ছিলেন- অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল।
গত বৃহস্পতিবার হাইকোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তির আদেশ দেয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ দ্রুত বিএসএমএমইউতে খালেদা জিয়াকে ভর্তি এবং তার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড পুনর্গঠনের নির্দেশও দেয়। খালেদা জিয়ার চিকিৎসায় গত সেপ্টেম্বরে সরকার যে মেডিক্যাল গঠন করে দিয়েছিল, তার তিন সদস্যকে বাদ দিয়ে নতুন তিনজনকে সেখানে দায়িত্ব দিতে বলেছেন আদালত। এর পর শনিবার তাকে বিএসএমএমইউতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
হাইকোর্টের আদেশ অনুযায়ী, বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী এবং ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ বোর্ডে থাকবেন।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডে আছেন- মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আবদুল জলিল চৌধুরী (সভাপতি), নিউমোটলজিস্ট অধ্যাপক ড. সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজিস্ট অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জী, অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক নকুল কুমার দত্ত এবং ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপিকা ডা. মো বদরুন্নেসা আহমেদ।