নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিষ্ট পার্টিসহ মুক্তিযুদ্ধের পক্ষে থাকা বামধারার দলগুলোর সঙ্গে ঐক্য চায় আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু প্রশ্নে ‘মিনিমাম পয়েন্টে’ ‘ম্যাক্সিমাম ইউনিটি’ গড়ে তুলতে দলগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশের সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে বাম রাজনৈতিক দলগুলোর দুই ধরণের ভূমিকা ছিল। তাদের একটি বড় অংশ মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিলেও আরেকটি পক্ষ (চীনপন্থি) নিশ্চুপ ছিল। স্বাধীনতা পরবর্তী বেশ কয়েকটি কমিউনিস্ট মতাদর্শী রাজনৈতিক দল গড়ে উঠলেও রাজনৈতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি।
সমাপ্রদায়িক শক্তির সঙ্গে না থাকার বিষয়ে বামদলগুলি যে অভিন্ন উচ্চারণে কথা বলছে, সেটি ভালো লাগছে উল্লেখ করে কাদের বলেন, ‘আজকে একটা বিষয় ভালো লাগছে, বামপন্থিরা এক সুরে কথা বলছে। সেটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমরা নেই। এই উচ্চারণ অনেকেই করেছে। তাহলে এই উচ্চারণ যারা করেছেন- আসুন না, আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ইউনিটি গড়ে ফেলি।’
কমিউনিষ্ট পার্টির নেতৃত্বাধিন আট দলীয় জোটের অনেকের সঙ্গে একসঙ্গে ছাত্র রাজনীতি করেছেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের আদর্শের প্রতি আমার কোনও অশ্রদ্ধা নেই। আসুন মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এই প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।’

