নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলায় কারান্তরীণ থাকা খালেদা জিয়াকে প্রধান অতিথি রেখেই জনসভার কার্যক্রম শুরু করেছে বিএনপি। প্রায় এক বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ওই জনসভায় সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান বক্তা হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন।
রোববার দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। জনসভা থেকে ভবিষ্যতে বিএনপির কর্মপরিকল্পনা এবং সরকারের প্রতি বিভিন্ন ধরনের দাবি জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বল্পমেয়াদি আল্টিমেটাম দেওয়া হতে পারে বলে জানা গেছে।
এদিকে জনসভা দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই সোহরাওয়ার্দী উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন দলীয় নেতা-কর্মীরা। বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হচ্ছেন তারা। মুহুর্মুহু শ্লোগান আর ব্যানার-ফেস্টুনে উঠে এসেছে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়টি। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস কর্মীদের সম্মিলিত গণসঙ্গীত পরিবেশনা করে নেতা-কর্মীদের উজ্জীবিত রাখছেন।
সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
২২ শর্তে ঢাকা মহানগর পুলিশ এই জনসভার অনুমতি দিয়েছে। বিএনপি এই জনসভাটি করতে চেয়েছিল গত বৃহস্পতিবার। তখন বিএনপি নেতারা তারিখ পিছিয়ে শনিবার নির্ধারণের কথা জানিয়ে বলেছিল, পুলিশ তাদের ছুটির দিনে কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছে।
শনিবার ক্ষমতাসীন ১৪ দলেরও সমাবেশের কর্মসূচি থাকায় দেখা দেয় উত্তেজনা। এর মধ্যে পুলিশের অনুমতিও পাচ্ছিল না বিএনপি। শেষ পর্যন্ত একদিন আগে অনুমতি পেল।
গত বছরের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছিল বিএনপি।গত বছরের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছিল বিএনপি। ওই সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন।

