নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের এই দশ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তা অতীতে কোনো সরকারের আমলে হয়নি বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রোববার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দেশব্যাপী প্রামাণ্য চলচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্ভোদনী (চট্টগ্রাম বিভাগ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার দেশে যে পরিমাণ উন্নয়ন করছে তা এর আগে কোনো সরকার পারেনি। আজ দেশের প্রতিটি অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমি কিছুদিন আগে আমার এলাকায় একটি জনসভায় গিয়েছিলাম। সেখানে আমি সবার কাছে জানতে চেয়েছি যে কার বাসায় বিদ্যুৎ নেই? সেখানে কেউ দাঁড়িয়ে বলেনি যে বিদ্যুৎ নেই। সবার বাসায় বিদ্যুৎ পৌঁছেছে। আর এই অবদানের পেছনে রয়েছে আমাদের প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, দেশে এখন বড় বড় মেগা প্রকল্পের কাজ চলছে৷ পদ্মা সেতু হচ্ছে আমাদের নিজেদের অর্থে। এই ধরনের দুঃসাহসী কাজে হাত দেওয়া একমাত্র বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। এছাড়া মেট্রোরেল, পায়রাবন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ নানা মেগা প্রকল্পের কাজ চলছে দেশে।
মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু ছিলেন মহান নেতা। তিনি এতো বড় নেতা হওয়ার পরও কখনো কোনো কর্মীকে ছোট করে দেখতেন না। তিনি সবাইকে পাশে বসিয়ে কথা বলতেন। এমন মনের মানুষ এখন আর দেখা যায় না।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, এটাকে আরো দীর্ঘস্থায়ী করতে আবারো এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিসয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুইয়া, রিহ্যাব সভাপতি মো. আলমগীর শামসুল আলামিন, রিহ্যাব সহ সভাপতি লিয়াকত আলি ভূঁইয়া।

