নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে বলে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য রেখেছেন তার জবাব দিয়েছে দলটি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এবার নির্বাচনে না এলে নাকি নিবন্ধন ঝুঁকিতে পড়বে বিএনপি, কথাটি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার, যিনি কুমিল্লায় ডিসি থাকার সময় জনতার মঞ্চ তৈরী করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছিলেন। ক্ষমতাসীনদের সঙ্গে মিশতে মিশতে তিনি খাঁটি বাকশাল মার্কা মুখপাত্রে পরিণত হয়েছেন।’
‘নির্বাচন কমিশনের সম্মান রক্ষার্থে বিবেক বিকিয়ে দেওয়া এই সিইসি-কে পদত্যাগে বাধ্য করে নির্বাচন কমিশন পূণর্গঠনে এখন জনগণ ঐক্যবদ্ধ। তবে আমি সিইসিকে জানিয়ে দিতে চাই যে, যদি বিএনপি’র নিবন্ধন নিয়ে কোন অশুভ প্ল্যান থাকে তাহলে অবৈধ সরকারের পাশাপাশি সিইসিকেও পতনের ঝুঁকিতে পড়তে হবে।’
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘যে প্রধান নির্বাচন কমিশনার এতগুলো ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সেই নির্বাচনগুলোকে সুষ্ঠু বলে অভিহিত করেছেন, যে সিইসি সরকারি দলের ভোট নিয়ে অনাচারের বিষয়ে ‘স্পিকটি নট’ থেকেছেন, তিনি যে ক্ষমতাসীনদের ভাষাতেই কথা বলবেন সেটাই স্বাভাবিক। তার এহেন কথা শুনে মনে হয়, পাতানো নির্বাচনের ব্যবস্থা করতেই সর্বশক্তি নিয়োগ করছেন তিনি।’
তিনি বলেন, ‘ভোটগ্রহণ চলাকালে ক্ষমতাসীনদের ভোট ডাকাতি, জালভোট প্রদান, বলপ্রয়োগ করে ভোটকেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বের করে দেওয়া ও ভোটের ফল ছিনিয়ে নিতে সহায়তা করতেই এই পদক্ষেপের কথা বলছেন সিইসি।’

