
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’র প্রধান কার্যালয়ে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নজমুল ইসলামসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : দক্ষ ও বুদ্ধিভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে ধারাবাহিকভাবে প্রশিক্ষণের আয়োজন করছে। এ লক্ষ্যে সংস্থাটি দেশের জেলা ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষক-প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প (বারটান অংগ)’র উদ্যোগে সম্প্রতি সংস্থাটির প্রধান কার্যালয় রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ সেচ ভবনে ৫দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বারটান-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ নজমুল ইসলাম। বারটান-এর পরিচালক কাজী আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক ও বারটান-এর প্রকল্প পরিচালক এস এম শিবলী নজির। এছাড়া বারটানের বিজ্ঞানী ও বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারিরা অনুষ্ঠানে অংশ নেন।

