বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মামনুন হাসান ইমন ও সারিকা সাবরিন। একসঙ্গে অনেক নাটক-টেলিফিল্মে কাজ করেছেন তারা। গত বছর একটি বহুজাতিক কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হন। আবারো জুটি বেঁধে বিজ্ঞাপনচিত্রে কাজ করতে যাচ্ছেন ইমন-সারিকা। এমনটাই জানিয়েছেন বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা আকাশ আমিন।
পরিচালক আকাশ আমিন বলেন, ‘হ্যান্ড ওয়াশের নতুন একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছি। এতে ইমন ও সারিকা জুটি বাঁধতে যাচ্ছেন। ইতোমধ্যে ইমন-সারিকার সঙ্গে চুক্তিপত্র সই করেছি। ইমন আজ দশ দিনের সফরে নেপাল গেলেন। ফিরলেই বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু করব।’
পণ্যের সঙ্গে মিল রেখে বিজ্ঞাপনচিত্রটির গল্প তৈরি করা হয়েছে। তবে পুরোপুরি ব্যতিক্রম একটি গল্প। পণ্যের জন্য গল্প আর গল্পটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্যই এতে ইমন-সারিকাকে বেছে নেয়া হয়েছে। নগরীর উত্তরার কয়েকটি স্থানে এর চিত্রায়ন করা হবে বলেও জানিয়েছেন এই নির্মাতা।
সম্প্রতি আকাশ আমিন ডিটারজেন্ট পাউডার, মশার কয়েল ও প্রসাধনী পণ্যের আরো পাঁচটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন। এসব বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন চলচ্চিত্রাভিনেত্রী আনোয়ারা বেগম, অরুনা বিশ্বাস, অরিন, জিদান, অঞ্জলি, পুষ্পিতা পপিসহ আরো অনেকে।

