নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, লে আউট প্ল্যানের নির্দেশনার বাইরে কতিপয় অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম চললেও রাজউক নিষ্ক্রিয় থাকার প্রতিবেদন ১ আগস্ট একটি গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়।
এ রিটের শুনানির পর রুল জারি করে সাত দিনের মধ্যে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত।
তিনি আরো জানান, আদেশে আদালত রাজউকের চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, হাতিরঝিল থানার ওসি ও প্রজেক্ট পরিচালককে প্রজেক্ট এলাকায় প্রতিনিয়ত মনিটরিং করার জন্য নির্দেশ দিয়েছেন। যেন কেউ লে আউট প্ল্যান বর্হিভূত স্থাপনা করতে না পারে।

