আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ছয়টি গির্জায় তিন শতাধিক যাজকের হাতে ১ হাজারেরও বেশ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। গত ৭০ বছর ধরে গির্জাগুলোতে শিশুদের ওপর এ যৌন নির্যাতন চালানো হয়েছে। মঙ্গলবার পেনসিলভানিয়ার সুপ্রিম কোর্ট প্রকাশিত গ্র্যান্ড জুরির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্যাথলিক গির্জাগুলোতে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের পর প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনটি লেখা হয়েছে। যাজকদের হাতে যৌন নিপীড়নের অন্যতম বৃহত্তম এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্যাথলিক গির্জার ভেতরে যৌন নিপীড়নের অন্যান্য প্রতিবেদন আছে। তবে এই মাত্রার নয়। আমাদের মধ্যে অনেকেরই সেসব ঘটনা অন্যকোথাও ঘটেছে, দূরে কোথাও ঘটেছে। এখন আমরা সত্যটা জানি: এটা সব জায়গায় ঘটেছে।’
প্রতিবেদনে যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে তাতে দেখা গেছে, একজন যাজক এক শিশুকে অন্তঃসত্ত্বা করেছে এবং তাকে গর্ভপাতে সহযোগিতা করেছে। পরে ওই যাজককে গির্জাতেই থাকার ব্যবস্থা করা হয়েছে। আরেক যাজক স্বীকার করেছেন তিনি ১৫টি কিশোরকে বলৎকার করেছেন, যাদের মধ্যে সাত বছরের এক শিশুও ছিল।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, নিপীড়নের প্রায় প্রতিটি ঘটনাই অনেক পুরোনো যে এগুলোর বিচার করা মুশকিল। তবে এগুলোর মধ্যেও দুজন যাজককে চিহ্নিত করা গেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে একজন যাজক ২০১০ সাল পর্যন্ত প্রতি মাসে দুজন করে শিশুকে যৌন নির্যাতন করতো।

