আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছেন ইলিনয় অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। মঙ্গলবার কুক কাউন্টি সার্কিট কোর্টে মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল লিসা ম্যাডিগ্যান এই মামলা করেছেন।
অ্যাটর্নি লিসা ম্যাডিগ্যানের মোকদ্দমায় অভিযোগ করা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই শিকাগো নদী থেকে লাখ লাখ গ্যালন পানি উত্তোলন ও পরিশোধণ করছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল। এছাড়া এ ধরণের কার্যক্রমে নদীর মাছের ওপর কী প্রভাব পড়বে আইনে সে বিষয়ে গবেষণার যে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটি তাও করছে না।
এক বিবৃতিতে ম্যাডিগ্যান বলেছেন, ‘প্রতিদিন শিকাগো নদী থেকে ট্রাম্প টাওয়ার বিনা অনুমতিতে এবং নদীর বাস্তুব্যবস্থায় এর কী প্রতিক্রিয়া হবে তা নিরীক্ষা না করেই লাখ লাখ গ্যালন পানি নিচ্ছে।’
তিনি বলেন, ‘ট্রাম্প টাওয়ার যাতে আইন ভঙ্গ অব্যাহত না রাখতে পারে সেজন্য আমি মামলা করেছি।’ ট্রাম্প অর্গানাইজেশনের এক মুখপাত্র জানিয়েছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মুখপাত্র জ্যানেট ইসাবেলি বলেন, এ ঘটনায় ট্রাম্প অর্গানাইজেশন ‘হতাশ’।

