আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর শুরুতে ছোট মন্ত্রিসভা গঠন করবেন ইমরান খান। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ডন অনলাইন।
১৫ থেকে ২০ সদস্যের সম্ভাব্য মন্ত্রিসভায় মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) এবং বেলুচিস্তান আওয়ামী পার্টিকে একটি মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেয়া হবে। ইমরান খানের বানিগালা বাসভবনে শনিবার দলের উচ্চপদস্থ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে খবরে জানানো হয়েছে।
সম্প্রতি এমকিউএম নেতাদের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা করেন ইমরান খান। প্রাথমিকভাবে এমকিউএম-পি’কে বন্দর ও জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রণালয় দেয়া হবে। জোটের আরেক শরিক দল বালুচিস্তান আওয়ামী পার্টি বা বিএপিকে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভায় একটি আসন দেয়া হবে। এর পরিবর্তে ইমরানের নেতৃত্বাধীন পিটিআই বেলুচিস্তানে বিএপি’কে সরকার গঠনের জন্য সমর্থন দেবে।
এছাড়া ইমরানের নেতৃত্বাধীন জোটের আরেক শরিক পাকিস্তান মুসলিম লীগ-কায়েদকে পাকিস্তানের মন্ত্রিসভায় স্থান দেয়া হবে না। তবে দলের প্রধান চৌধুরী পারভেজ এলাহিকে পিটিআই নিয়ন্ত্রিত পাঞ্জাব রাজ্যের আইনসভার স্পিকার হিসেবে নিয়োগ দেয়া হবে।

