আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে তিন বিদেশি নাগরিককে অপহরণের পর হত্যা করেছে সন্ত্রাসীরা। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।
কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র হাশমত স্ট্যানিকজাই জানান, নিহতদের একজন ভারতীয়, একজন মালয়েশীয় এবং একজন মেসিডোনিয়ার নাগরিক। তাদের অপহরণ করে হত্যা করা হয়। আমরা তাদের লাশ খুঁজে পেয়েছি।’
তিনি নিশ্চিত করেন, পুলিশ এই ঘটনাকে ‘সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড’ হিসেবে দেখছে।
তদন্ত কর্মকর্তারা বিবিসিকে বলছেন, একটি টয়োটা করোলা গাড়িতে করে বিমানবন্দরে যাওয়ার পথে এই তিনজনকে অপহরণ করা হয়। পরে তাদের মরদেহ কাবুল প্রদেশের মুসাহি জেলায় পাওয়া যায়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের উপমুখপাত্র নুসরাত রাহিমি জানান, গুলি করে হত্যা করা হয় তিন বিদেশি নাগরিককে এবং গাড়িতে তাদের লাশ পাওয়া যায়।
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
আন্তর্জাতিক খাবার প্রস্তুতকারক কোম্পানি সোডেস্কোতে কাজ করতেন এই তিন বিদেশি নাগরিক।
নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
মালয়েশীয় নাগরিক (৬৪), ভারতীয় নাগরিক (৩৯) এবং মেসিডোনিয়ান নাগরিকের বয়স ৩৭ বছর বলে ধারণা করা হচ্ছে।

