আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে পাহাড়ি পথ থেকে বাস পড়ে গিয়ে রাজ্যের কৃষি বিদ্যালয়ের ৩৩ কর্মচারী নিহত হয়েছে। শনিবার সকালে রায়গড় জেলার আম্বেনালি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজ্যের মহাসড়ক ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন, মুম্বাই থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে পোলাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
রায়গড় পুলিশের কর্মকর্তা পিডি পাতিল জানিয়েছেন, বাসটিতে মোট ৩৪ জন আরোহী ছিল। শনিবার সকালে রত্মাগিরি জেলার ডক্টর বালাসাহেব সাওয়ান্ত কোনকান কৃষি বিদ্যাপিঠের কর্মচারীরা ছুটির দিন উপলক্ষে মহাবালেশ্বর এলাকায় পিকনিকে যাচ্ছিলেন। বেলা ১১টা ৩০ মিনিটের দিকে পোলাদপুরের কাছে একটি মোড় ঘুরানোর সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি পাহাড়ের ৫০০ ফিট নিচে পড়ে যায়।
রায়গড় পুলিশের পরিদর্শক বালক্রুষ্ণা যাদব জানিয়েছেন, প্রকাশ সাওয়ান্ত দেসাই নামে এক যাত্রী বাসটি থেকে জানালা দিয়ে লাফ দিয়ে বের হতে সক্ষম হয়েছিল। একমাত্র জীবিত দেসাই সড়কে এসে পুলিশকে খবর দেয়। পরে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী বিনোদ তাওড়ি টুইটারবার্তায় জানিয়েছেন, তিনি কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে যেয়ে উদ্ধারকাজ শুরু করতে বলেছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবীস বলেছেন, ‘আমরা নিহতদের স্বজনদের সহযোগিতা করব। এছাড়া এ ধরণের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তাও নিশ্চিত করা হবে।’

