আন্তর্জাতিক ডেস্ক : ইরানের আধিপত্য ঠেকাতে মিশর ও জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোকে নিয়ে ছয় জাতির নতুন রাজনৈতিক ও নিরাপত্তা জোট গঠনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। চারটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, এই জোটের দেশগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামরিক প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম এবং আঞ্চলিক অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কসহ অন্যান্য বিষয়ে গভীর সহযোগিতামূলক সম্পর্ক দেখতে চায় হোয়াইট হাউজ। মধ্যপ্রাচ্যের এই সুন্নি দেশগুলোকে নিয়ে শিয়া ইরানের প্রতিপক্ষ হিসেবে যে জোট যুক্তরাষ্ট্র দাঁড় করাতে চাইছে একে ‘আরব ন্যাটো’ জোট আখ্যা দিচ্ছে হোয়াইট হাউজ।
বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, জোটের সম্ভাব্য নাম মিডল ইস্ট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স (এমইএসএ) নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ থেকে ১৩ অক্টোবর ওয়াশিংটনে এই জোটের সম্মেলন হওয়ার কথা। সেখানেই ‘আরব ন্যাটো’ জোট নিয়ে আলোচনা হবে বলে আশা করছে ট্রাম্প প্রশাসন।
হোয়াইট হাউজ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করে বলেছে,‘আমাদের আঞ্চলিক অংশীদাররা কয়েক মাস ধরে এবং এখন জোটের ধারণা নিয়ে কাজ করছে’।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরে গেলে দেশটির কর্মকর্তারা তখন বিষয়টি ট্রাম্পের কাছে উপস্থাপন করেছিলেন। ওই সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তি করলেও রিয়াদের জোটের পরিকল্পনায় ট্রাম্পের তেমন সাড়া পাওয়া যায়নি। তবে বেশ কয়েটি আরব দেশ জানিয়েছে, তার পরিকল্পনাটিকে নিয়ে নতুন প্রচেষ্টার বিষয়টি জানেন। তবে ওয়াশিংটনের সম্মেলনে সম্ভাব্য যোগদানকারী দেশগুলো এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজী হয়নি।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন ‘এমইএসএ মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসন,সন্ত্রাসবাদ, চরমপন্থাবাদের বিরুদ্ধে প্রাচীর হিসেবে কাজ করবে এবং এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।’

