ঢাকাSaturday , 28 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলে দেওয়া হলো মেরুল বাড্ডা ইউলুপ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : হাতিরঝিল সমন্বিত প্রকল্পের বাড্ডা নর্থ ইউলুপ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী এ ইউলুপ উদ্বোধন করেন।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
রাজধানীর যানজটের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট রামপুরা-নতুনবাজার সড়ক এলাকা। যানজট কমাতে ওই সড়কের মেরুল এলাকায় তৈরি করা হয়েছে বাড্ডা ইউলুপ।
ইউলুপটি ব্যবহার করে হাতিরঝিল থেকে বের হয়ে সহজেই রামপুরা-বনশ্রী-মালিবাগের দিকে যাওয়া যাবে। একইভাবে এসব এলাকা থেকে যেকোনো যানবাহন নির্বিঘ্নে হাতিরঝিল দিয়ে কারওয়ান বাজার বা মগবাজারের দিকে যেতে পারবে।
সংশ্লিষ্টরা বলছেন, ইউলুপটি খুলে দেওয়ায় রাজধানীর রামপুরা, বনশ্রী, আফতাবনগর, শাহাজাদপুর ও বাড্ডা এলাকার যানজট অনেকাংশেই কমবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে যানজটপ্রবণ মালিবাগ-নতুনবাজার এলাকার বাসিন্দা ও যাত্রীদের ভোগান্তি লাঘবে রামপুরা ও বাড্ডা প্রান্তে দুটি ইউলুপ নির্মাণের পরিকল্পনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে গত বছরের ২৫ জুন রামপুরা প্রান্তের (দক্ষিণ) ইউলুপটি চালু হয়। দ্বিতীয়টি বাড্ডা ইউলুপ। গুলশান-বাড্ডা সংযোগ সড়কের কাছে মেরুল বাড্ডায় এর অবস্থান।
বাড্ডা ইউলুপটি দৈর্ঘ্যে ৪৫০ ও প্রস্থে ১০ মিটার। প্রকল্প ব্যয় প্রায় ৪০ কোটি টাকা। দুই বছরেরও বেশি সময় আগে ২০১৫ সালের মাঝামাঝিতে শুরু হওয়া বাড্ডা ইউলুপটির কাজ। কয়েক দফায় মেয়াদ বাড়ায় প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি টাকা। পরে মেয়াদ বাড়িয়ে ২০১৮ সালে এসে ৪৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের ইউলুপের কাজ শেষ হয়।
হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ও তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নির্মিত হয়েছে ইউলুপ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন। নির্মাণকাজের দায়িত্বে ছিলেন স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।