বিনোদন ডেস্ক : প্রথম দেখে মনে হতে পারে তিনি বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তবে একটু ভালো করে খেয়াল করলে পার্থক্যটা ঠিক বোঝা যাবে। তিনি আসলে অসমিয়া অভিনেতা ডেভিড সাহারিয়া।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ডেভিড সাহারিয়ার কিছু ছবি। ছবিগুলো ইন্টারনেটে বেশ সাড়া ফেলে এবং ভাইরাল হতে থাকে। কারণ তার ছবিগুলোর সঙ্গে অভিনেতা টাইগার শ্রফের বেশ মিল পেয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। টাইগারের সঙ্গে ডেভিডের শুধু চেহারাতেই মিল তা কিন্তু নয়, শারীরিক গঠন ও চুলের স্টাইলেও রয়েছে যথেষ্ট সাদৃশ্য।
টাইগারের সঙ্গে তার চেহারার মিল প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে ডেভিড জানান, অনেকেই তাকে টাইগার শ্রফ ভেবে ভুল করেন। প্রথমে বিষয়টি তাকে আনন্দ দিলেও এখন নিজের পরিচয়ে পরিচিত হতে চান ডেভিড।
ডেভিড সাহারিয়া বলেন, ‘প্রথমদিকে সবাই আমার চেহারার প্রশংসা করত এবং এতে বেশ উচ্ছ্বসিত হতাম, ভালোও লাগত। এখনো ভালো লাগে তবে তারা তার (টাইগার) নামে আমাকে চেনে, আমার নামে নয়। মাঝে মাঝে এ নিয়ে আমার মধ্যে খারাপ লাগা কাজ করে, কিন্তু এতে সমস্যা নেই। আমি এটি ইতিবাচকভাবেই নিয়েছি। আমি এখন অসমিয়া ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি, যেন আমার নিজের পরিচয়ে পরিচিত হতে পারি এবং সবাই আমার সম্পর্কে জানতে পারবেন।’

