বিনোদন ডেস্ক : ইশান কাট্টার ও জানভি কাপুর অভিনীত সিনেমা ধড়ক। ২০ জুলাই মুক্তি পায় সিনেমাটি। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জানভি। অন্যদিকে অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান। তাই শুরু থেকেই আলোচনায় ছিল ধড়ক।
ভারতের প্রায় ২ হাজার ৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। বলিউডে এটি জানভির প্রথম সিনেমা। অন্যদিকে বিখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদির বিয়ন্ড দ্য ক্লাউডস সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ইশান। এটি তার দ্বিতীয় সিনেমা।
তবে নতুন জুটি সত্বেও বক্স অফিসে শুরুটা ভালো হয় ধড়ক সিনেমার। প্রথমদিনে আয় করে ৮.৭১ কোটি রুপি। সপ্তাহ শেষে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫১.৫৬ কোটি রুপি। এর মধ্যে মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনে সিনেমাটি আয় করেছে ১১.০৪ কোটি ও ১৩.৯২ কোটি রুপি। উইকেন্ড শেষেও সিনেমাটির গড় আয় ছিল চার কোটির ওপরে। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিনেমাটির আয় যথাক্রমে ৫.৫২ কোটি, ৪.৭৬ কোটি, ৪.০৬ কোটি ও ৩.৫৫ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ এই তথ্য জানিয়েছে।
২০১৬ সালের ব্লকবাস্টার হিট মারাঠি ভাষার সাইরাত সিনেমার হিন্দি রিমেক ধড়ক। করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান।

