স্পোর্টস ডেস্ক : আচরণবিধি ভঙ্গের কারণে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুসকা গুনাথিলাকাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
গত ২১ জুলাই রাতে শ্লীলতাহানি সংক্রান্ত অভিযোগের কারণে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। তবে কি কারণে, কয় ম্যাচের জন্য এবং কেন গুনাথিলাকাকে নিষিদ্ধ করা হয়েছিল সেটা বিস্তারিত জায়ায়নি লঙ্কান বোর্ড। আজও বিস্তারিত কিছু জানায়নি বোর্ড। বোর্ডের পক্ষ থেকে শুধু বলা হয়েছে আচরণবিধি ভঙ্গ করেছেন এই ক্রিকেটার।
তবে বার্তা সংস্থা এএফপি বলছে, পুলিশের কাছে নরওয়ের এক নারীর অভিযোগের ভিত্তিতে গুনাথিলাকার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই নারীর দাবি গুনাথিলাকার এক বন্ধু তার হোটেল কক্ষে তার সামনেই ধর্ষণ করেছে।
ওই সময়ে চলছিল কলম্বো টেস্ট। কলম্বো টেস্টের ম্যাচ ফিও স্থগিত ছিল গুনাথিলাকার। টেস্টে তিনি প্রথম ইনিংসে ৫৭ ও দ্বিতীয় ইনিংসে করেন ৬১ রান। প্রসঙ্গত, গত বছর অক্টোবরেও আরেকটি শৃংখলা বিরোধী কর্মকাণ্ডের কারণে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই ক্রিকেটার।

