নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে তামাশা এবং ষড়যন্ত্র বন্ধ করে ১৬ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানায় সংগঠন দুটি। সমাবেশ শেষে দাবি আদায়ে র্যালিও করে, যা প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনে বলেন, সরকারি কর্মচারীদের বেতন স্কেল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু, জাতীয় আয়, দারিদ্র্যসীমা, পার্শ্ববর্তী দেশের শ্রমিকদের মজুরি দেশের অর্থনৈতিক গতিশীলতা বিবেচনা এবং সর্বোপরি শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনের কথা বিবেচনা করে পোশাক শ্রমিকদের ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে।
কিন্তু সকল শ্রমিক সংগঠনের মতামতকে উপেক্ষা করে শ্রমিক প্রতিনিধি কর্তৃক মাত্র ১২ হাজার টাকা মজুরি প্রস্তাব দেওয়াকে সকল শ্রমিক সংগঠন ও শ্রমিকদের উসকানি দেওয়ার সামিল। এরা শ্রমিকদের বিক্ষুব্ধ ও উসকানি দিয়ে এই সেক্টরে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তার দায়ভার শ্রমিক এবং শ্রমিক সংগঠনের ওপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে।
তিনি বলেন, মালিক এবং সরকারের বিবেচনা করা উচিৎ যে শ্রমিকদের জীবনমান, স্বাস্থ্য নিরাপত্তা ও সন্তুষ্টির সাথে উৎপাদন এবং পণ্যের মান সম্পর্কিত। অভুক্ত, অর্ধাহাহে থাকা শ্রমিকদের দিয়ে অধিক উৎপাদন এবং গুণগত উৎপাদন আশা করা যায় না। তাই গার্মেন্ট শ্রমিকদের ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণের জন্য সরকার বিজিএমইএ এবং বায়ারদের এগিয়ে আসতে হবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শ্রমিক নেত্রী আরিফা আক্তার, সাফিয়া পারভীন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম প্রমুখ।

