আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা ইস্যুতে বাবেল মান্দেব প্রণালী দিয়ে অপরিশোধিত তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদি আরবের জ্বালানি, শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী খালিদ আল ফালিহ একথা জানিয়েছেন। খবর আল আরাবিয়্যাহর।
ফালিহ জানান, সৌদির জাতীয় জাহাজ কোম্পানির দুটি বড় জাহাজ বাবেল মান্দেব পাড়ি দিয়েছিলো। দুই জাহাজের প্রত্যেকটিতে ছিলো দুই মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। জাহাজ দুটি লোহিত সাগরে পৌঁছলে তাতে হামলা করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার সকালে বাবেল মান্দেব পার হওয়ার পর তারা জাহাজ দুটিতে হামলা চালায়।
এ হামলায় দুটি জাহাজের একটিতে সামান্য ক্ষতি হয়েছে। এছাড়া কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজে থাকা তেলও সাগরে পড়েনি বলেও জানান ফালিহ।
তিনি জানান, সৌদি আরব নিরাপত্তা ইস্যুতে তাৎক্ষণিকভাবে বাবেল মান্দেব দিয়ে তেলবাহী জাহাজ চলাচল সাময়িক বন্ধ করেছে। সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত এই চ্যানেল দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে।
সৌদির তেল কোম্পানি আরামকো জ্বালানি মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী জানিয়েছে, তেলবাহী ট্যাঙ্কার, ক্রু এবং অপরিশোধিত তেলবাহী জাহাজসহ সংশ্লিষ্ট সকলকিছুর নিরাপত্তার খাতিরে বাবেল মান্দেব চ্যানেল দিয়ে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।
বাবেল মান্দেব লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে। ২০০৬ সালে এ প্রণালীটি দিয়ে প্রতিদিন গড়ে ৩.৩ মিলিয়ন ব্যারেল তেল বহন করা হয় যেখানে সমগ্র বিশ্বে তেলবহনকারী ট্যাঙ্কারের মাধ্যমে বহন করা হয় গড়ে ৪৩ মিলিয়ন ব্যারেল তেল।

