বিনোদন ডেস্ক : রাহাতের প্রেমের জলছাপ বর্ষার হৃদয়াঙ্গনে। কিন্তু রাহাত তার সুপ্ত প্রেম মিমোর মধ্যে খুঁজে পায়। রাহাত বিবাহিত জেনে বর্ষার হৃদয় ক্ষত-বিক্ষত হয়। অন্যদিকে রাহাতের স্ত্রী মিমো, সাব্বিরের সঙ্গে জীবনের নানা জটিলতার সমাধান খোঁজে। কারণ মিমো-রাহাত প্রেম করে বিয়ে করলেও তারা প্রেম আর দাম্পত্য জীবনের পার্থক্য দেখতে পায়।
রগচটা স্বভাবের মেয়ে মিমো। বাস্তবতার মধ্যে সে জীবনের নানা জটিলতার সমাধান খুঁজতে থাকে। গল্পের একপর্যায়ে এসে বর্ষা জানতে পারে রাহাত বিবাহিত সত্যি কিন্তু তাদের দাম্পত্য জীবন ছিন্ন হয়ে গেছে। এমন নানা জটিলতার মধ্য দিয়ে এগিয়েছে ‘লুকোচুরি ডাব্বা’ নাটকের গল্প।
সোহাগ বিশ্বাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, লামিয়া মিমো, প্রতিভা শাওন, ফরহাদ হায়দার প্রমুখ।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

