বিনোদন ডেস্ক : বলিউডে স্বজনপ্রীতির অভিযোগ নতুন নয়। তবে কিছুদিন ধরে বিষয়টি নিয়ে বেশ সরগরম বলিপাড়া। এ নিয়ে অভিযোগ যেমন শোনা যাচ্ছে, তেমনি এর পক্ষে-বিপক্ষে বক্তব্য দিচ্ছেন তারকা অভিনয়শিল্পীরাও।
বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত রাজি সিনেমায় অভিনয়ের জন্যও দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
আলিয়া ভাটের আরেকটি পরিচয় তিনি নির্মাতা মহেশ ভাটের মেয়ে। তাই বলিউডে স্বজনপ্রীতি প্রসঙ্গে তার নামও চলে আসে। সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বক্তব্য দিয়েছেন এই অভিনেত্রী।
আলিয়া ভাট বলেন, ‘আমি মনে করি, ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতির অস্তিত্ব রয়েছে, তাই এর সমর্থন করার কিছু নেই। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কারণ যারা সুযোগ পাচ্ছেন না তাদের জন্য এটি মেনে নেয়া কঠিন। আমি যদি ওই অবস্থানে থাকতাম আমারো খারাপ লাগত। আমারো একই রকম মনে হতো। স্বজনপ্রীতি সব জায়গাতেই রয়েছে। কিন্তু সিনেমা ব্যবসায় নির্দিষ্ট কোনো বিষয়ের প্রয়োজন নেই। আপনাকে শুধু সঠিক সময়, সঠিক স্থানে থাকতে হবে। যেমন, আপনি যদি চিকিৎসক হতে চান আপনাকে লেখাপড়া করে, পরীক্ষা দিতে হবে এবং তারপর চাকরি পাবেন। তবে সিনেমা ব্যবসায়, আপনি যখন ইচ্ছে শুরু করতে পারেন। তবে আপনার এক্স-ফ্যাক্টর থাকতে হবে। অনেকেই রয়েছেন যারা সাধারণ অবস্থান থেকে শুধু পর্দায় তাদের অভিনয় দিয়ে শক্ত অবস্থান গড়েছেন।’
তিনি আরো বলেন, ‘একজন ব্যক্তি অনেক এবং অন্যজন তার চেয়ে কিছুটা কম সুদর্শন হতে পারেন কিন্তু পরের জন তার প্রতিভা দিয়ে মানুষের বেশি ভালোবাসা পেতে এবং বড় তারকা হতে পারেন। দ্রুত তারকা হওয়ার কোনো নিয়ম নেই। আমি মানসিকভাবে হতাশ হওয়ার কারণ পুরোপুরি বুঝতে পেরেছি। আমার বিষয়ে বলতে হয়, আমি কখনই বলব না, নিজেকে খুব বেশি প্রস্তুত করেছিলাম কারণ আমি একজন নামি ব্যক্তির মেয়ে ছিলাম। আমি সৌভাগ্যবান যে, আমার প্রথম সুযোগ কাজে লেগেছে এবং আপনি শুধু প্রথমবারই সেই সুযোগটি পাবেন। তারপর একমাত্র সৃষ্টিকর্তা আপনাকে বাঁচাতে পারবেন।’
আলিয়া ভাটের পরবর্তী সিনেমা ব্রহ্মাস্ত্র। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এতে আরো অভিনয় করছেন-অমিতাভ বচ্চন, মৌনি রয়, নাগার্জুনা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি।

