স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে আর দেখা যাবে না মিচেল জনসনকে। বিগ ব্যাশে নিজের ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার। তার ম্যানেজার জানিয়েছেন, টুর্নামেন্টের পরিধি বাড়ানোর কারণেই এই সিদ্ধান্ত।
বিগ ব্যাশের নতুন আসরে হোম-অ্যাওয়ে মিলিয়ে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। আগে যেখানে ম্যাচ ছিল ১১টি। জনসনের ম্যানেজার স্যাম হ্যালভরসেন বলেছেন, ‘৩৭ বছরের কারও পক্ষে এটা (১৪ ম্যাচ খেলা) খুবই চাপের।’
গত দুই বছর পার্থ স্কর্চার্সের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন জনসন। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার খেলা না-খেলা নিয়ে কোনোকিছু জানানো হয়নি। সম্প্রতি তিনি আরব আমিরাতের টি-টেন টুর্নামেন্টেও নাম লিখিয়েছেন, যেটা শুরু হবে ডিসেম্বরে।
জনসন পার্থের হয়ে গত দুই মৌসুমে ১৯ ম্যাচ খেলে ২২.৭৫ গড়ে নিয়েছেন ২০ উইকেট। ২০১৬-১৭ মৌসুমে পার্থের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি, ৯ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট।
এ বছরের শুরুতে তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস থেকে নাম প্রত্যাহার করে নেন। আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন ২০১৫ সালের নভেম্বরে। ৫৯০টি আন্তর্জাতিক উইকেটের সঙ্গে প্রথম শ্রেণিতে তার শিকার ৪৬৫ উইকেট।

