স্পোর্টস ডেস্ক : স্বপ্নের মতো এক বিশ্বকাপ কাটিয়েছেন কিলিয়ান এমবাপে। দল চ্যাম্পিয়ন হয়েছে, তিনি নিজে হয়েছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। তবে সেমিফাইনালের আগে নাকি তিনি চোট পেয়েছিলেন। সেই চোট নিয়েই সেমিফাইনাল ও ফাইনালে খেলেছেন! বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহ খানেকের বেশি সময় পর ফরাসি ফরোয়ার্ড নিজেই এমনটা জানিয়েছেন।
বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালের তিন দিন আগে পিঠে চোট পেয়েছিলেন এমবাপে। সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারানো ম্যাচে তিনি খেলেছেন। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলের ৪-২ গোলের জয়ে একটি গোলও করেছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তি গড়েছেন পিএসজির এই ফরোয়ার্ড।
নিজেদের ওপর প্রতিপক্ষের ভয় বজায় রাখতেই নাকি চোটের খবর গোপন করা হয়েছিল। ফ্রেঞ্চ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এমবাপে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, প্রতিপক্ষ যেন কোনোকিছু জানতে না পারে। অন্যথায় তারা বাড়তি সুবিধা পেত এবং দুর্বল জায়গাকে লক্ষ্য বানাত। সে কারণেই খেলোয়াড় এবং স্টাফরা এটা গোপন রেখেছিল, এমনকি ফাইনালেও।’
এবারের বিশ্বকাপে মোট চার গোল করেছেন ১৯ বছর বয়সি এমবাপে। আর ফ্রান্স দ্বিতীয়বারের মোট জিতেছে বিশ্বকাপ।

