ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
স্কোর: বাংলাদেশ ১২০/১, ২৮ ওভার শেষে (তামিম ইকবাল ৫৬, সাকিব আল হাসান ৫৫)
তামিমের পর সাকিবের হাফ সেঞ্চুরি: ২৬তম ওভারের শেষ বলে তামিম ইকবাল তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম হাফ সেঞ্চুরি। ২৭তম ওভারের শেষ বলে সাকিব স্পর্শ করেন ৩৮তম হাফ সেঞ্চুরি। ৬৮ বলে হাফ সেঞ্চুরির স্বাদ পান সাকিব।
তৃতীয় শতরানের জুটি তামিম-সাকিবের: পঞ্চাশ রানের জুটিকে শতরানে রূপ দিল তামিম ও সাকিব। ২৬তম ওভারের চতুর্থ বলে এক রান নেন তামিম। তাতেই তিন অঙ্কে পৌঁছায় তাদের জুটি। এ নিয়ে তৃতীয়বারের মতো শতরানের জুটি পেল দুই বাঁহাতি ব্যাটসম্যান। এদিকে একই ওভারের শেষ বলে এক রান নিয়ে তামিম ইকবাল ছুঁয়েছেন ফিফটি। ৮৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন দেশসেরা ওপেনার।
তামিম-সাকিব জুটির পঞ্চাশ: সংগ্রাম করে রান তুলতে হচ্ছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি বাঁধেন তারা। ১৫তম ওভারে জুটির পঞ্চাশ রান পূর্ণ হয় তাদের। এ নিয়ে নবমবারের মতো পঞ্চাশ রানের জুটি গড়লেন তারা। তাদের শতরানের জুটি আছে দুটি।
পাওয়ার প্লে’তে ৪৪ ডট বল! টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কি ভুল করলেন মাশরাফি? উত্তরটা জানা যাবে বাংলাদেশের ইনিংস শেষে। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ১০ ওভারে বাংলাদেশের রান মাত্র ৩১! পাওয়ার প্লে’তে বাউন্ডারিতে মাত্র ৩টি। রান তুলতে সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকে। প্রথম ৬০ বলে ৪৪ বলই ডট।
নবম ওভারে প্রথম বাউন্ডারি: আন্দ্রে রাসেলের অফস্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করলেন তামিম ইকবাল। বল মাটি কামড়ে গেল বাউন্ডারিতে। ইনিংসের প্রথম বাউন্ডারি এল নবম ওভারের তৃতীয় বলে। দ্বিতীয় বাউন্ডারির জন্য অপেক্ষা করতে হয়নি এক বলও! চতুর্থ বল লেগ সাইডে ফ্লিক করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে বল বাউন্ডারিতে পাঠান তামিম। শেষ বলে আরেকটি বাউন্ডারি। সব মিলিয়ে নবম ওভারে বাংলাদেশ পেল ১৩ রান।
বৃষ্টির পর খেলা শুরু: বৃষ্টিতে ২৮ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার মাঠে নেমেছে দুই দল।
বৃষ্টিতে বন্ধ খেলা: বৃষ্টির পূর্বাভাস ছিল দুপুর থেকে। কিন্তু ম্যাচের শুরুতেই বৃষ্টির বাঁধা। কালো মেঘে ঢেকে গেছে পুরো প্রভিডেন্স স্টেডিয়াম। বৃষ্টিতে বন্ধ দুই দলের মহারণ। পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে ত্রিপল দিয়ে।
ব্যর্থ এনামুল: প্রস্তুতি ম্যাচে রানের খাতা খুলতে পারেননি এনামুল হক বিজয়। আরেক ওপেনার লিটন কুমার দাস হাঁকিয়েছিলেন হাফ সেঞ্চুরি। তবুও মূল মঞ্চে সুযোগ পেয়েছিলেন এনামুল। কিন্তু প্রথম ওয়ানডেতে ব্যর্থ ডানহাতি ওপেনার। দ্বিতীয় ওভারে তাকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন জেসন হোল্ডার। ডানহাতি পেসারের আউটসুইংয়ে ব্যাটে খোঁচা লাগিয়ে স্লিপে ক্যাচ দেন এনামুল।
টস : টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্রা বিশু, আশলে নার্স ও আলজারি জোসেফ।
ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। করতে পারেনি ন্যূনতম লড়াইও। সমর্থকদের মতো মেনে নিতে কষ্ট হচ্ছে ক্রিকেটারদেরও। টেস্টের বিভীষিকা কাটিয়ে ওয়ানডে সিরিজে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ।
হেড টু হেড : ওয়ানডেতে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে ২৮ বার। ওয়েস্ট ইন্ডিজের জয় ১৯টিতে, বাংলাদেশ জিতেছে ৭টি, বাকি দুই ম্যাচের ফল হয়নি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ম্যাচ হয়েছে ১০টি। যেখানে বাংলাদেশের জয় মাত্র ৩টি। সেটাও ২০০৯ সালে, খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাকি ৭টিই জিতেছে ক্যারিবীয়রা।
পয়মন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম : প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ এর আগে ওয়ানডে ম্যাচ খেলেছে একটি এবং সেটি জিতেছে। ২০০৭ বিশ্বকাপে সে জয়টা ছিল অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

