স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতির সর্বোচ্চ সুযোগ পাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলার সুযোগ পাবে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। পাঁচটি ওয়ানডের সঙ্গে রয়েছে একটি টি-টোয়েন্টিও।
বৃহস্পতিবার সিরিজের ফিক্সচার চূড়ান্ত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। এর আগে ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা।
৫ মে দুই দলের একমাত্র টি-টোয়েন্টিটি হবে কার্ডিফে। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ৮ মে ওভালে। দ্বিতীয় ওয়ানডে ১১ মে সাউদাম্পটনে। পরের তিনটি ওয়ানডে ১৪, ১৮ ও ১৯ মে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ব্রিস্টল, টেন্ট ব্রিজ ও লিডসে।
বলার অপেক্ষা রাখে না, বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সূবর্ণ সুযোগ পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা । ২০১৭ সালে ইংল্যান্ডেই চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। দুই বছর পর একই মঞ্চ থেকে বিশ্বকাপ জিততে পারেন কিনা সেটাই দেখার।

