
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুর্নীতিবিরোধী গণশুনানিতে জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী
পাঞ্জেরী ডেস্ক : দুর্নীতির Grey Areas এর কারণসমূহ উদ্ঘাটন, সংশ্লিষ্টদের চিহ্নিতকরণ, প্রতিকারের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক গঠিত টাস্ক ফোর্সের উদ্যোগে গত ৩ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। এ সময় প্রধান অতিথি হিসেবে বাপবিবোর্ড কর্তৃক গঠিত টাস্ক ফোর্স এর আহ্বায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী, নির্বাহী পরিচালক মোঃ দহিদুল ইসলাম ও প্রধান প্রকৌশলী (প্রকল্প) মোঃ জালাল উদ্দিন মিয়াসহ টাস্ক ফোর্সের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। গণশুনানিকালে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন এলাকার দুর্নীতি/হয়রানির শিকার এবং অভিযোগ রয়েছে এমন গ্রাহক/বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীগণসহ জেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী, কুড়িগ্রাম জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার/সমিতির কর্মকর্তা/কর্মচারীগণ, বোর্ড পরিচালক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শুরুতে বাপবিবোর্ডের সদস্য (প্রশাসন) মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী দুর্নীতির Grey Area এর কারণসমূহ উদ্ঘাটন, সংশ্লিষ্টদের চিহ্নিতকরণ এবং প্রতিকার বিষয়ে উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদেরকে মৌখিক ও লিখিত মতামত প্রদানের জন্য অনুরোধ জানান। তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে দুর্নীতি বন্ধে সরকার বদ্ধপরিকর। নতুন সংযোগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে। এর সংগে এলাকার এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি এবং ঠিকাদাররা জড়িত। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করলে সরকার উপকৃত হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম চলমান রাখতে মাঠ পর্যায়ে কি ধরনের দুর্নীতি হচ্ছে এবং তার প্রতিকারের উপায় খুঁজে বের করা প্রয়োজন এবং এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এতে দেশ ও জাতি উপকৃত হবে। এছাড়া বাপবিবোর্ডের নির্বাহী পরিচালক জনাব মোঃ দহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হওয়ার ফলে আজ বাপবিবোর্ডের গ্রাহক সংখ্যা ২ কোটি ৩১ লাখ। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে দুর্নীতিমুক্ত করতে তিনি জনগণের প্রত্যক্ষ সহযোগিতা আশা করেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন কুড়িগ্রাম জেলায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে দুর্নীতি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত সাধারণ জনগণ তাদের বক্তব্যে বলেন, বিগত সময়ের চেয়ে দুর্নীতির ব্যাপকতা বর্তমানে অনেকাংশেই হ্রাস পেয়েছে। তারপরও কিছু দালাল/ঠিকাদার রয়েছে যারা পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের সুনাম নষ্ট করছে।পরিশেষে টাস্ক ফোর্সের আহ্বায়ক গ্রাহকদের মৌখিক অভিযোগ শোনেন এবং নির্ধারিত ফরমে তাদের লিখিত অভিযোগ ও পরামর্শ গ্রহণ করেন।

