নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ৪০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত এবং ২০১৮-২০১৯ অর্থবছরের মূল বাজেট (অনুন্নয়ন) অনুমোদন করেছে।
বুধবার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে কমিশনের ১৫১তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। ইউজিসির সচিব ড. মো. খালেদ সভায় বাজেট উপস্থাপন করেন।
২০১৮-২০১৯ অর্থবছরের মূল বাজেটে (অনুন্নয়ন) ৪০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ৪ হাজার ৬৪৩ কোটি ৫০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জন্য ৩৮ কোটি ৫ লাখ টাকার বাজেট সভায় অনুমোদিত হয়।
৪০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ অর্থবছরে মূল বাজেট (অনুন্নয়ন) ছিল ৪ হাজার ১৫২ কোটি ১ লাখ টাকা, যা সংশোধিত বাজেটে বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকায় উন্নীত হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ব্যয় নির্বাহের জন্য ২০১৭-২০১৮ অর্থবছরে বাজেট (অনুন্নয়ন) ছিল ৩৭ কোটি ৩০ লাখ টাকা, যা সংশোধিত বাজেটে বৃদ্ধি পেয়ে ৩৭ কোটি ৮০ লাখ টাকায় উন্নীত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, পরিকল্পনা কমিশনের ইন্ডাস্ট্রি অ্যান্ড এনার্জি ডিভিশনের সদস্য শামিমা নারগিস, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি, অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রমুখ সভায় অংশ নেন।

