স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্ব থেকে পেরুর বিদায় নিশ্চিত হয়েছিল প্রথম দুই ম্যাচ হারের পরই। শেষ ম্যাচে আজ দুই অর্ধের দুই গোলে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।
সোচিতে ‘সি’ গ্রুপের এই ম্যাচের ১৮ মিনিটে নিচু এক ভলিতে গোল করে পেরুকে এগিয়ে দিয়েছিলেন গুইডো ক্যারিল্লো। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫০ মিনিটে দ্বিতীয় গোলটা করেন অধিনায়ক পাওলো গুয়েরেরো।
৪০ বছর পর বিশ্বকাপে জয় পেল পেরু। ১৯৭৮ সালের বিশ্বকাপে তারা ইরানকে হারিয়েছিল ৪-১ গোলে। এরপর বিশ্বকাপে টানা আট ম্যাচে তারা জয়ের দেখা পায়নি।
অবশেষে নবম ম্যাচে এসে ধরা দিল বহুল কাঙ্ক্ষিত জয়। অবশ্য ১৯৮২ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলল দক্ষিণ আমেরিকার দেশটি।
গ্রুপের আরেক ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করে ফরাসিদের সঙ্গী হিসেবে শেষ ষোলোয় উঠেছে ডেনমার্ক। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে উঠল ডেনিশরা।
অস্ট্রেলিয়া টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিল। পাঁচবার বিশ্বকাপে খেলে এ নিয়ে তৃতীয়বার টুর্নামেন্টে একটি জয়ও পেল না তারা (১৯৭৪, ২০১৪, ২০১৮)।

