আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসী শিশুদের সঙ্গে তাদের বাবা-মা’র পুনর্মিলনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বিচ্ছিন্ন করা এসব শিশু ও তাদের বাবা-মাকে আগামী ৩০ দিনের মধ্যে পুনর্মিলন করতে মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়েছে।
অভিবাসীদের প্রশ্নে ট্রাম্প প্রশাসনের শূন্য সহনশীলতার নীতিকে চ্যালেঞ্জ করে এবং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি করেছিল আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন নামের একটি সংগঠন।
গত বছর যুক্তরাষ্ট্রে প্রবেশের পর এক মাকে তার ছয় বছরের শিশু কন্যার থেকে বিচ্ছিন্ন করা হয়। ওই মায়ের পক্ষ হয়ে সংগঠনটি মামলাটি করেছিল। মঙ্গলবার মামলার শুনানিতে সান দিয়েগোর ফেডারেল আদালতের বিচারক ডানা সাবর আগামী ৩০ দিনের মধ্যে বিচ্ছিন্ন করা বাবা-মা ও শিশুদের পুনর্মিলনের নির্দেশ দেন। ট্রাম্প সরকারের ‘বিচ্ছিন্ন নীতিকে’ চ্যালেঞ্জ করে এটাই প্রথম মামলা।
এদিকে, অভিবাসী শিশুদেরকে তাদের পরিবার থেকে আলাদা করার মতো ‘নিষ্ঠুর ও আইনবহির্ভূত’ পদক্ষেপ নেওয়ায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ১৭টি রাজ্য। মামলা দায়েরকারী ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া ছাড়া অন্য রাজ্যগুলো হচ্ছে- ম্যাসাচুসেটস, ডেলাওয়ার, আইওয়া, ইলিনয়, ম্যারিল্যান্ড, মিনেসোটা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলিনা, অরেগন, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, ভারমন্ট, ভার্জিনিয়া এবং সে সঙ্গে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া।

