আন্তর্জাতিক ডেস্ক : নিকারাগুয়ায় অবসরভাতা ও সামাজিক নিরাপত্তা ভাতায় সরকারের কাঁটছাঁটের প্রতিবাদ-বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশুসহ চারজন নিহত হয়েছে।
নিকারগুয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার মানাগুয়া বিশ্ববিদ্যালয়ে তথাকথিত ‘যৌথ বাহিনী’ ছাত্রদের বিক্ষোভে হামলা চালায়।
নিহত শিশুটির মা জানিয়েছে, শিশুটিকে পরিচারিকার কাছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় তার দেহে পুলিশের গুলি বিদ্ধ হয়। সরকার অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। ১৮ মাসের ওই শিশুটির মৃত্যুর জন্য সরকার স্থানীয় সন্ত্রাসীদের দায়ী করেছে।
গত দুই মাসেরও বেশি সময় ধরে নিকারাগুয়ায় অবসরভাতা ও সামাজিক নিরাপত্তা ভাতায় সরকারের কাঁটছাঁটের প্রতিবাদে বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিকে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সরকার ও বিরোধীদের মধ্যে সংকট সমাধানের আলোচনা ভেস্তে গেছে। শনিবার রাজধানী মানাগুয়ার ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব নিকারাগুয়াতে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের দমনে যৌথবাহিনী গুলি ছুঁড়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই দুজনের মৃত্যু হয়েছে।
পুলিশ, দাঙ্গা পুলিশ, আধা-সামারিক বাহিনী ও সরকারি দলের সমর্থকদের নিয়ে গঠিত যৌথবাহিনী মানাগুয়ার আশেপাশের ছয়টি এলাকায় অভিযান চালিয়েছে। এসব এলাকায় আরো দুজনের মৃত্যু হয়েছে।

