নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদসহ বিশিষ্টজনেরা অংশ নিয়েছেন। নামাজ শেষে দেশ জাতি ও উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান।
ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। নামাজ শেষে রাষ্ট্রপতি বিশিষ্টজনদের সঙ্গে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে সবখানে লেগেছে খুশির ছোঁয়া। নতুন জামা-কাপড় পরে ছেলে-বুড়ো সবাই যাচ্ছেন ঈদগাহে। আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছেন। নামাজ শেষে কোলাকুলি করছেন। প্রতিটি ঈদ জামাতে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদ জামাতে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাতসহ রাজধানীতে ৪০৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের গোর-এ শহীদে অনুষ্ঠিত হয় বৃহত্তম জামাত।
ঈদ রাতে রাজধানীতে ভারী বৃষ্টি হলেও সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তার স্বজনদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এবার ২৯ দিনেই শেষ হলো মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়েছে।

