আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘অসৎ ও দুর্বল’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার টুইটার বার্তায় ট্রুডোর বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন।
ট্রাম্প বলেছেন, ‘সংবাদ সম্মেলনে জাস্টিনের দেওয়া মিথ্যা বিবৃতির , আমাদের কৃষক, শ্রমিক ও প্রতিষ্ঠানগুলোর ওপর কানাডা যে ব্যাপক করারোপ করেছে এবং আমরা যেখানে মার্কিন বাজারে গাড়ির শুল্কের বন্যা দেখছি তার ওপর ভিত্তি করে আমি মার্কিন প্রতিনিধিকে যৌথ বিবৃতিতে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছি।’
দ্বিতীয় টুইটে ট্রাম্প লিখেছেন, ‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এতোটা বিনয়ী যে আমি যখন জি-সেভেন সম্মেলন ছেড়ে এলাম তারপরই তিনি সংবাদ সম্মেলন করলেন এবং বললেন, ‘মার্কিন কর অবমাননাকর’ এবং তিনি ‘এর জন্য চাপ প্রয়োগ করবেন না’। অত্যন্ত অসৎ ও দুর্বল। আমাদের খামারের ওপর তাদের ২৭০ শতাংশ করের জবাবেই আমাদের শুল্কারোপ।’
এর আগে কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন, জি-সেভেনের যৌথ ঘোষণায় সব সদস্য রাষ্ট্র স্বাক্ষর করেছে। তবে এরপরই ট্রাম্প সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করেছে এবং যুক্তরাষ্ট্র এতে স্বাক্ষর করবে না।

