স্পোর্টস ডেস্ক : বাবার চলা পথে ছেলে অর্জুন টেন্ডুলকার। শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার প্রথমবারের মতো বয়সভিত্তিক দলে সুযোগ পেয়েছেন।
ভারতের অনুর্ধ্ব-১৯ দলে জায়গা হয়েছে এ অলরাউন্ডারের। শ্রীলঙ্কার বিপক্ষে জুলাইয়ে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারতীয় অনুর্ধ্ব-১৯ দল। দুই ম্যাচের জন্য দলে জায়গা হয়েছে অর্জুনের।
গত বছর মুম্বাই অনুর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছিলেন অর্জুন। দারুণ পারফরম্যান্সে সবার নজর কাড়েন সেখানেই। এছাড়া নিয়মিত সিনিয়রদের বিপক্ষে নেটে বোলিং করছেন। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের নেটে বোলিং করেছিলেন অর্জুন। বাঁহাতি এ পেসারের এক ইয়র্কার সামলাতে পারেননি ইংলিশ উইকেট রক্ষক জনি বেয়ারস্টো। পায়ের আঙুলে বল লাগায় ছিটকে যান বেয়ারস্টো। এছাড়া নিয়মিত ভারতীয় দলের নেটে হাত ঘুরাচ্ছেন অর্জুন।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় গ্লোবাল টি-টোয়েন্টি সিরিজে ভালো করায় অর্জুন টেন্ডুলকারকে নিয়ে আলোচনা শুরু হয়। ১৮ বছর বয়সি এ পেস অলরাউন্ডারকে নিয়ে প্রশংসায় মাতে অস্ট্রেলিয়া মিডিয়া। ওভাল মাঠে বল হাতে চার উইকেট এবং ব্যাট হাতে ২৭ বলে ৪৮ রান করে দলকে জিতিয়েছিলেন অর্জুন টেন্ডুলকার।
চারদিনের ম্যাচে সুযোগ হলেও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি তার। ১৮ বছর বয়সি উত্তর প্রদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান অনুজ রাওয়াত ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে ভালো করায় তার কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

