আন্তর্জাতিক ডেস্ক : হানি মুলকির পদত্যাগের পরও বিক্ষোভ থামছে না জর্ডানে। দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়ে সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর অবধি রাজধানী আম্মানে র্যালি করেছে কয়েক হাজার বিক্ষোভকারী।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিক্ষোভকারীরা মন্ত্রিপরিষদের দপ্তরের কাছাকাছি এলাকা শেমিসানি সার্কেল এলাকায় জড়ো হয়। তারা সরকারের প্রস্তাবিত করবৃদ্ধির বিল বাতিলের দাবি জানিয়েছে। এসময় দাঙ্গা পুলিশ ও সেনা সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
পুলিশ প্রধান মেজর জেনারেল ফাদেল আল হামুদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিক্ষোভ চলাকালে আইন ভঙ্গ করার দায়ে ৬০ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৪২ জন সদস্য আহত হয়েছে।
সম্প্রতি হানি মুলকির সরকার কর বৃদ্ধি ও সরকারি ব্যয় কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। এই বিলটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সমর্থিত ছিল। বিক্ষোভকারীদের দাবি, এই বিলের কারণে দরিদ্র ও মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হবে। বিলটি বাতিলের দাবিতে রাজধানী আম্মানে পাঁচদিন ধরে বিক্ষোভ চলছে। হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মুলকির পদত্যাগ দাবিতে স্লোগান দিয়েছে। শেষ পর্যন্ত সোমবার মুলকি পদত্যাগ করেছেন।

