ঢাকাTuesday , 5 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেট অধিবেশন শুরু, চলবে ১২ জুলাই পর্যন্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ১৪মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
চলমান সংসদের ২১তম এ অধিবেশনে আগামী ৭ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ৩০ জুন বাজেট পাস হবে। এর আগে সংসদ সদস্যরা বাজেটের ওপর আলোচনায় অংশ নেবেন।
মঙ্গলবার অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বাজেট অধিবেশন চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। তবে স্পিকার প্রয়োজন মনে করলে এর সময়সীমা বাড়াতে বা কমাতে পারেন।
বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ১০ টায় এবং রমজানের পর প্রতিদিন বিকেল ৩ টায় অধিবেশন শুরু হবে। আগামী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাস হওয়া পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ৪টি সরকারি দিবস হিসেবে গণ্য হবে। ১০ ও ১১ জুন সম্পূরক বাজেট আলোচনার পর পাস করা হবে। এ ছাড়া ২৭ জুন অর্থবিল এবং ২৮ জুন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাস করা হবে। ২৩ জুন ১ দিন ব্যাতীত প্রতি শুক্র ও শনিবার অধিবেশন বন্ধ থাকবে। সাধারণ বাজেটের ওপর মোট ৪০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে প্রয়োজনে দিন ও সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ছিলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ স ম ফিরোজ, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।
জানা গেছে, আসন্ন বাজেট সম্পর্কে জানতে ও সংসদে এ নিয়ে আলোচনায় সহযোগিতা দিতে সদস্যদের জন্য জাতীয় সংসদে চালু হচ্ছে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক। সোমবার থেকে চালু হলেও আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে।
এবার প্রায় ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত প্রাপ্ত নোটিশ অনুযায়ী, এ অধিবেশনে পাসের অপেক্ষায় রয়েছে ৪টি বিল, কমিটিতে পরীক্ষাধীন ৭টি ও উত্থাপনের অপেক্ষায় আছে আরো ৬টি বিল। এর আগে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।