নিজস্ব প্রতিবেদক : ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৮ এর প্রস্তাবিত খসড়া আরো পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এ খসড়া মন্ত্রিসভায় পেশ করে। বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনার পর তা আরো পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের নেতৃত্বে কমিটির অপর সদস্যরা হচ্ছেন- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।
মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর জাপান সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এখানে তিনি তিনটি বড় অর্জনের কথা বলেন। এর মধ্যে রয়েছে- ঢাকা-টোকিও ফ্লাইট চালুর বিষয়ে অফিসিয়ালি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালে বাংলাদেশের ৫০ বছর পূর্তির সময় ২৬ মার্চের অনুষ্ঠানে সে দেশের সম্রাটকে দাওয়াত দেওয়া হয়েছে। তারা বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তৃতীয় বিষয় হচ্ছে, রোহিঙ্গা সমস্যায় জাপান সার্বিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মন্ত্রিসভায় চলমান মাদকবিরোধী অভিযান বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, না, এটা নিয়ে আলোচনার কোনো সুযোগ ছিল না।’

