আন্তর্জাতিক ডেস্ক : সৌদি রাজপরিবারে অস্থিরতা ও বিভিন্ন ঐতিহাসিক নিয়মের আমূল পরিবর্তনের কারণে সমালোচনার মধ্যে থাকা অবস্থায় দেশটির মন্ত্রিসভায় আবার রদবদলের ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান। দেশটির সংস্কৃতি ও ধর্মীয় দিকে লক্ষ্য রেখেই শনিবার মন্ত্রিসভার এই রদবদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর দ্বিতীয়বারের মতো সবচেয়ে বড় পরিবর্তন এটি। বলা হয়ে থাকে ক্ষমতা পাওয়ার পর বর্তমানে দেশটির সর্বেসর্বা হলেন মোহাম্মদ বিন সালমান। বাবা বাদশাহ সালমানের অধীনে উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ বিন সালমান।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, শনিবার দেশটির শ্রম, ইসলামি বিষয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের রদবদল করা হয়েছে। এছাড়া ঘোষণায় বলা হয়, পবিত্র শহর মক্কার জন্য একটি রাজকীয় কমিশন গঠন করা হবে। যে কমিশন আগস্ট মাসে হজ করতে আসা লাখ লাখ মুসল্লিকে স্বাগত জানাবে। আর এ কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
সৌদির সামগ্রিক দিক উন্নয়নের লক্ষ্যে গত বছর রক্ষণশীল থেকে বেরিয়ে বেশকিছু নিয়ম পরিবর্তনের ঘোষণা দেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তাতে নারীদের গাড়ি চালানোর অনুমতি, সিনেমা হল নির্মাণ, পশ্চিমাদের আদলে সমুদ্র সৈকত বিনির্মাণসহ বেশ কিছু ঐতিহাসিক পরিবর্তানের ডাক দেন তিনি।

