আন্তর্জাতিক ডেস্ক : ওমরা ভিসায় সৌদি আরব গিয়ে মক্কা, জেদ্দা এবং মদিনা ছাড়া অন্য কোথাও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর। আর ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কেউ ধরা পড়লে ছয় মাসের কারাদণ্ড এবং ১৩,৩৩২ ডলার (৫০ হাজার সৌদি রিয়াল) জরিমানার বিধান করা হয়েছে।
ওমরা ভিসাধারীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট এলাকা পরিদর্শন করতে পারবেন। এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ বিজনেস।
এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়া এবং ওমরা ভিসাধারীরা নির্দিষ্ট এলাকা বাইরে ভ্রমণের সময় তাদের গণপরিবহণে যাতায়াত করতে না দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত নভেম্বর থেকে অবৈধ অভিবাসী এবং নিরাপত্তা আইন লঙ্ঘন করে অবস্থান করা বিদেশি শ্রমিক ও নাগরিকদের ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছে সৌদি আরব। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত এই অভিযানে ১১ লাখেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন লক্ষাধিক মানুষকে সৌদি থেকে বিতাড়িত করা হয়েছে।
ওমরার ভিসা নিয়ে সৌদি গিয়ে ফেরত না আসার অনেক প্রমাণের পর এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অবৈধ অভিবাসী ধরার অভিযানে দুই হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। এদের সবাই ওমরা ভিসায় সৌদি গিয়ে আর দেশের ফেরত যায়নি।
সৌদির পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ২০১৭ সালে দেশটিতে মোট ১৯ মিলয়ন (এক কোটি ৯০ লাখ) লোক ওমরাহ করেছেন। তাদের মধ্যে সাড় সাড়ে ছয় মিলিয়ন (৬৫ লাখ) বিদেশি।

