ঢাকাSaturday , 2 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে অপ্রস্তুত করে দিল আফগানিস্তান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৯ মে ভারতের দেরাদুনে গিয়েছে বাংলাদেশ দল। আগামীকাল রোববার প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে শুক্রবার রাতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে অপ্রস্তুত করে দিয়েছে আফগানিস্তান। হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে।
টস জিতে বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৫ রান করে। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেট ও ১৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান ‘এ’ দল। নামে ‘এ’ দল হলেও জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়রাই অবশ্য ছিলেন আফগানিস্তান দলে। মূল ম্যাচে মাঠে নামার আগে একটি ড্রেস রিহার্সাল করে নিল তারা।
এদিন বিশ্ব একাদশের হয়ে ইংল্যান্ডে খেলতে যাওয়া তামিম ইকবাল অবশ্য খেলতে পারেননি বাংলাদেশের হয়ে। তার পরিবর্তে বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করতে আসেন সৌম্য সরকার ও লিটন দাস। কিন্তু তারা সুবিধা করতে পারেননি। দ্রুতই ফিরে যান সৌম্য ও লিটন। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এই জুটি ভাঙার পর মাহমুদউল্লাহও দ্রুত সাজঘরে ফেরেন। তবে শেষ দিকে এসে দ্রুত রান তোলেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেকের ৩৮, মুশফিকের ২৭ ও সাব্বির রহমানের ১৮ রানের ইনিংসে ভর করে ১৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
১৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় আফগানিস্তানও। এরপর দেখে-শুনে খেলে তারা। শেষ দিকে যায় আক্রমণে। তাদের আক্রমণের মুখে অসহায় হয়ে যান বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান ‘এ’ দল।
আগামীকাল রাত ৮.৩০ মিনিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।