স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের আসন্ন সীমিত ওভারের ম্যাচগুলোতে অলরাউন্ডার বেন স্টোকসের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া হেডিংলি টেস্টে খেলতে পারছেন না স্টোকস। তার জায়গায় অভিষেক হয়েছে ১৯ বছর বয়সি অলরাউন্ডার স্যাম কুরানের।
স্টোকস চোটটা পেয়েছেন গত বুধবার দুপুরে ফিল্ডিং অনুশীলনের সময়। যদিও বৃহস্পতিবার তিনি নেটে ব্যাটিং অনুশীলন করেন, তবে বোলিং করেননি। ওই দিনই স্ক্যান করানোর পর জানা যায়, তার বাঁ হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে।
সুস্থ হয়ে ফিরতে ঠিক কতদিন লাগবে, তা এখনই বলা যাচ্ছে না। আগামী সপ্তাহে তার আরেকটি স্ক্যান করানোর সম্ভাবনা আছে। প্রাথমিকভাবে চোটটা গুরুতর বলেই মনে করা হচ্ছে। কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
আগামী ১০ জুন এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে দিয়ে শুরু হবে ইংল্যান্ডের সীমিত ওভারের মৌসুম। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ জুন।

