নিজস্ব প্রতিবেদক : আগামী ৩ জুন থেকে ভারতের দেরাদুনে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আফগান টি২০ সিরিজের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টি২০ সিরিজটি ৩ থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ৩, ৫ এবং ৭ জুন বাংলাদেশ ও আফগানিস্তানের ৩টি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ খেলাধুলায় সব সময় পৃষ্ঠপোষকতা করে আসছে। ১৯৭৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি স্পন্সর করে বিমান। ১৯৯৭ সালে আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের স্পন্সরও ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ।
বিমান ক্রিকেট দল প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণ করে ১৯৭৮ থেকে ২০০৮ পর্যন্ত। দেশে জাতীয় ক্রিকেট তৈরিতে বিমান ভূমিকা রেখেছে সব সময়। দেশের দাবা, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন দলের পৃষ্ঠপোষকতায় বিমানের গৌরবময় ঐতিহ্য রয়েছে।

