ঢাকাThursday , 31 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে ১৩ দপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ২০১৮-১৯ অর্থবছরের করণীয় নির্ধারণ ও বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিয়ে ১৩ দপ্তরের সঙ্গে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ স্বাক্ষর করেছে তথ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের পক্ষে তথ্য সচিব আবদুল মালেক এবং অধিনস্ত ১৩ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা চুক্তিতে সই করেন। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা সংস্থাগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য অধিদপ্তর (পিআইডি), গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর।
চুক্তির প্রাক্কালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মকর্তাদের কাজের গতি বৃদ্ধি করে এবং কাজের জবাবদিহিতা আনে। এই চুক্তি স্বাক্ষরের ফলে আগামী অর্থবছরের লক্ষ্য অর্জনের পথে কোথাও অদক্ষতা, ঘাটতি বা গাফিলতি আছে কি না-তা সহজেই ধরা যায়, এবং সে অনুযায়ী করা করা সম্ভব হয়।
তিনি বলেন, ‘জাতীয় বাজেটে যেসব লক্ষ্য নির্ধারিত হয় তা কীভাবে অর্জন করা যায়, সে বিষয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। কারণ প্রত্যেক মন্ত্রণালয়কে লক্ষ্য অর্জন করার জন্য কর্মকৌশল করে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হচ্ছে। এই চুক্তির মধ্য দিয়ে নির্ধারিত লক্ষ্য অর্জনে স্ব স্ব বিভাগগুলো কী কী কর্মপদ্ধতি গ্রহণ করেছে তা বাস্তবায়নের সময় কাঠামো অন্তর্ভুক্ত থাকবে, লক্ষ্য অর্জনে যথাযথ ভূমিকা রাখতে পারবে।’
হাসানুল হক ইনু বলেন, আপনি যে লক্ষ্য ঠিক করে দেন সেটা অর্জন করলেই যে স্বস্তির নিশ্বাস ফেলবেন তা ঠিক না, আপনি আরো বাড়তি কাজ করতে পারেন। এই চুক্তি সম্পাদনের পর থেকে চুক্তির নির্ঘণ্ট অনুযায়ী আপনারা কাজ করবেন এবং চুক্তির লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়কে সাহায্য করবেন।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, কাজ কীভাবে করবেন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হচ্ছে সেই নির্দেশনা। তদারকি জোরদার হলে প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়। যেসব প্রকল্পে ৮০-৯০ শতাংশ কাজ শেষ হয়েছে সেগুলো যেন আগামী ২-৩ মাসের মধ্যে করতে পারি, নির্বাচনের আগে সকল শক্তি নিয়োগ করে প্রকল্পের কাজ শেষ করতে হবে।
তথ্য সচিব আবদুল মালেক মন্ত্রণালয় ও ১৩ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য বাস্তবায়নে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, মনযোগ দিয়ে কাজ করলে নির্ধারিত সময়েই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন সম্ভব। ২০১৬-১৭ অর্থবছরের তথ্য মন্ত্রণালয়ের সম্পাদিত এপিএ’র ৯৩ দশমিক ৮৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলেও জানান তিনি।