স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ উম্মাদনায় মেতেছে ফুটবল বিশ্ব। রাশিয়ার বিভিন্ন মাঠে ফুটবল অগ্নি ঝরতে বাকি আর মাত্র ১৪দিন। বহু আগেই শুরু হয়েছে নানা হিসেব নিকেশ। তবে মিশরের গোলরক্ষক যেটা করতে যাচ্ছেন এমন রেকর্ড এর আগে কখনো দেখেনি ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপে খেলতে নামলেই তিনি হবেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার।
তার বয়স এখন ৪৫। এই বয়সেই গোলবারের সামনে বুক চিতিয়ে দাঁড়াবেন এসাম আল হাদেরি। এর আগে গত ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়ার অতিরিক্ত গোলরক্ষক ছিলেন ৪৩ বছর বয়সি ফারিদ মনড্রাগন। আর ১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের হয়ে ফিরেছিলেন ৪২ বছর বয়সি রজার মিলা।
তবে বয়স নিয়ে কোনও মাথাব্যাথা নেই ছয় ফুট দুই ইঞ্চির এসাম হাদেরির। ২০১৩ সাল থেকে সৌদি আরবের তাওউন ক্লাবে খেলা হাদেরি বলেন, ‘নিজের বয়স নিয়ে আমি কখনও মাথা ঘামাই না। প্রবল ভালোবাসার টানেই এখনও আমি খেলে যাচ্ছি। ফুটবলের প্রতি যতদিন এই ভালো লাগা থাকবে, যতদিন মনেপ্রাণে উপভোগ করব খেলাটাকে, ততদিনই খেলে যাব। তা সে বিশ্বকাপ হোক কিংবা পাড়া ফুটবল।’ খবর গার্ডিয়ানের।
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে মিশর। শেষবার তারা খেলেছিল ইতালিয়া-৯০ বিশ্বকাপে। এবার মিশর দলের আশার প্রদীপ দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের স্ট্রাইকার মুহাম্মদ সালাহ। সাম্প্রতিক অতীতেও মিশর ছিল যুদ্ধবিদ্ধস্ত এক দেশের নাম। গৃহযদ্ধে টালমাটাল পুরো দেশের সার্বিক পরিস্থিতি ছিল ভয়াবহ। মানুষের নিরাপত্তাই যেখানে নেই, স্বাভাবিক জীবন যেখানে বিপর্যস্ত, সেখানে ফুটবল শব্দটা মাথায় আনাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। দেশের আভ্যন্তরীন পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে এখন। খেলার মাঠে আবার গড়িয়েছে ফুটবল। দীর্ঘদিন পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মিশর।
এর আগে দু’বার বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে মিশর। তবে দু’বারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাদের। ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপের প্রথম রাউন্ডে হাঙ্গেরিকে ৪-২ গোলে উড়িয়ে দেয় পিরামিডের দেশটি। এরপর দীর্ঘ ৫৬ বছর পর ১৯৯০ বিশ্বকাপে সেই ইতালির মাটিতেই চমক দেখায় মিশর। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডকে রুখে দেয় তারা। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও পরাজিত হয় মিশর।
সালাহ, হাদেরিদের মত তারকাকে সামনে রেখে রাশিয়ায় বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছে মিশর। মিশরের অধিনায়কত্ব করবেন হাদেরিই।
রাশিয়া বিশ্বকাপে রাশিয়া, সৌদি আরব ও উরুগুয়ের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে মহম্মদ সালাহর দেশ মিশর। ১৫ জুন প্রথম ম্যাচে মিশরের প্রতিপক্ষ লুই সুয়ারেজের উরুগুয়ে।

