কুষ্টিয়া সংবাদদাতা : ঈদকে সামনে রেখে নামী-দামী ব্র্যান্ডের মোড়কে কুষ্টিয়ার বাজারে নকল প্রসাধনী সরবরাহের একটি অপচেষ্টা রুখে দিয়েছে র্যাব-১২ ও জেলা প্রশাসনের যৌথ দল।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চারা বটতলা এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ২৮ ধরনের নকল প্রসাধনী আটক করেছে তারা। শুক্রবার রাতে যৌথ দল এই অভিযান চালায়।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে- ডাবর আমলা হেয়ার অয়েল, কুমারিকা ওয়েল, জনসন বেবি লোশন, তেল ও শ্যাম্পু, হিমালয়া ফেসওয়াশ, ফগ স্প্রে’র মতো প্রসাধনীও।
এগুলো ঈদের আগে বাজারে ছাড়ার পাঁয়তারা চলছিল। এসব নকল পণ্য রাখার দায়ে বাড়ির মালিক দুলাল শাহকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম এম এ মুহাইমিন আল জিহান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় দুলাল শাহকে কারাদন্ড ও অর্থদন্ড করেন।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এস এম মোহাইমেনুর রশিদ জানান, কয়েক মাস ধরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ঈদুল ফিতরকে সামনে রেখে নকল পণ্য বাজারে ছাড়ার পাঁয়তারা করছে। গোপন সংবাদের ভিত্তিতে দুলাল শাহের বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী, নকল স্টিকার উদ্ধার করেছে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ দল।
তিনি বলেন, ‘যশোর থেকে এসব পণ্য এনে বাড়িতে স্টিকার লাগিয়ে তা বাজারে ছাড়ার জন্য প্রস্তুত করছিল তারা। এগুলো দেখতে হুবহু আসল পণ্যের মতো। ক্রেতারা এগুলো আসল কি না, তা বুঝতে মুশকিলে পড়ত।’

