নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মো. হাছান ওরফে ইয়াবা হাছান (৩৫) নিহত হয়েছেন। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে সোনাইমুড়ী বগাদিয়া ইজতেমা মাঠে এই ঘটনা ঘটে। নিহত হাছান সোনাইমুড়ী পৌরসভার বগাদিয়া মিয়া বাড়ির হানিফ মিয়ার ছেলে। আহতরা হচ্ছেন- পুলিশ কনস্টেবল সোহাগ, জহির মজুমদার ও গোলাম সামদানি।
পুলিশ জানায়, শনিবার দুপুরের দিকে সোনাইমুড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা হাছানকে আটক করা হয়। পরে রাতে তাকে সাথে নিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের জন্য বগাদিয়া ইজতেমা মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় হাছানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে ইয়াবা হাছান গুলিবিদ্ধ হন ও তিন পুলিশ সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় হাছানকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৭টি কার্টুজ, ১টি রামদা, ৩টি লম্বা চেনি, ১টি দা ও ১২০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মাদক সম্রাট ইয়াবা হাছানের বিরুদ্ধে অস্ত্র আইনে ৩টিসহ থানায় মোট ২১টি মামলা ছিল।

