গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী থেকে ৯১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার ভোরে টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
আটক মো. বদরুজ্জামান বদি (২৬) শেরপুরের শ্রীবর্দী থানার মাইন্দাবাড়ি এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি টঙ্গীর পার্শ্ববর্তী ঢাকার আশকোনা এলাকায় বসবাস করেন।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম রাসেল ইসলাম নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে টঙ্গীর হাজীর মাজার বস্তির রোকন মিয়ার ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ঘর থেকে ৭৩টি প্যাকেটে ৯১ কেজি গাঁজা উদ্ধার এবং বদরুজ্জামান বদিকে আটক করা হয়। অভিযান টের পেয়ে রোকন মিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

